বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইনে রেজিস্ট্রেশন

অনলাইন ডেক্স ।।
বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত প্রকৃতির অপার কারকার্যে  গড়া সৌন্দর্যমন্ডিত সেন্ট মার্টিন একটি ছোট প্রবাল দ্বীপ ।এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

এখন থেকে আর চাইলেই যাওয়া যাবে না সেন্টমার্টিন। সেখানে ভ্রমণে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে এখন থেকে। এক প্রজ্ঞাপনে তেমনটিই জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বীপে যাওয়ার জন্য তাদের দিতে হবে নির্দিষ্ট ফি। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ। দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকের সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও টেকনাফ উপজেলা প্রশাসন।

শেয়ার করুন