বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা, সাইন্টিফিক সেমিনার ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের করা হয়েছে।
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় “ডায়াবেটিক ফুট: আপডেট অ্যান্ড অর্থোপেডিক ম্যানেজমেন্ট” শীর্ষক সাইন্টিফিক সেমিনার।

চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. এম এ মুকিত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন। তিনি ডায়াবেটিক পায়ের ক্ষত নিরাময়ে আধুনিক চিকিৎসাপদ্ধতি, বিশেষ করে অফলোডিং ও টোটাল কন্টাক্ট কাস্টের গুরুত্ব তুলে ধরেন। প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. ইমরুজ উদ্দিন এবং কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহসান উদ্দিন মাহমুদ।
সেমিনারে চিকিৎসকরা বলেন, ডায়াবেটিক ফুটের সফল চিকিৎসায় ডায়াবেটিস বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন ও ভাসকুলার সার্জনের সমন্বিত ভূমিকা অনস্বীকার্য।রক্তে শর্করার সঠিক নিয়ন্ত্রণ এবং সামান্য ক্ষত দেখা দিলেই দ্রুত চিকিৎসার মাধ্যমে অঙ্গহানির মতো মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব।

এদিকে, দিনব্যাপী এই আয়োজনে হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে হার্ট, চর্মরোগ, চক্ষু, গাইনি, কিডনি ও ফুটকেয়ার সেবা প্রদান করা হয়।চার দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিন ১২ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ১৩ নভেম্বর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।















