চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে সানজু বেগম (৪০) নামের এক গৃহবধূকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত স্বামী মোহাম্মদ জাবেদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মধ্যম হালিশহরের আদর্শপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে সানজু বেগম ও তার স্বামী মোহাম্মদ জাবেদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে জাবেদ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার হুমকি দেন। সানজু বেগম বুঝে ওঠার আগেই জাবেদ ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের ভাই আকামাম ঘটনার বর্ণনা দিয়ে জানান, হামলার আকস্মিকতায় সানজু বেগমের ছেলে আতঙ্কিত হয়ে তাকে ফোন করে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে তিনি দ্রুত বোনের বাসায় উপস্থিত হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন। পরবর্তীতে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সানজু বেগম।হত্যাকাণ্ডের পরপরই অপরাধীকে ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। তারা আদর্শপাড়া এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘাতক জাবেদকে আটক করে এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘নৃশংস এই হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসআরবি-৭ (র্যাব-৭)-এর সহযোগিতায় ইতোমধ্যেই মূল অভিযুক্তকে রক্তমাখা ছুরিসহ আটক করা সম্ভব হয়েছে। ঘাতক স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে।’
এদিকে বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।















